বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ০২:৪৩ পিএম

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরায় একটি স্টিল কারখানায় লোহা গলানোর সময় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালের দিকে ডেমরা এলাকার ওই কারখানার ভেতরে কাজ করার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দগ্ধ হওয়া ওই তিন শ্রমিক হলেন সাব্বির হোসেন, তোফাজ্জল হোসেন ও মাজেদ হোসেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। 

ওই সময় বয়লারের ভেতরে আকস্মিক গোলযোগের কারণে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ফুটন্ত গলিত লোহা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন।ঘটনার পরপরই কারখানার অন্য কর্মীরা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের শারীরিক অবস্থা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে মাজেদকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। 

তবে শরীরের বেশি অংশ পুড়ে যাওয়ায় বাকি দুজনকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই ঘটনার পর স্থানীয় থানা পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে।