শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নেত্রকোনায় বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৩৮ এএম

নেত্রকোনায় বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

নেত্রকোনায় বাসচাপায় ২ নিহত

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজির আরও এক যাত্রী আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামগঞ্জগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

 এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। তিনি উপজেলার কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে।আহত অবস্থায় সিএনজির অন্য যাত্রীদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন অজ্ঞাত পরিচয় যাত্রী মারা যান। নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও শ্রমিকরা পালিয়ে গেছে।

নিহতদের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।