শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১০:৩০ এএম

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

দুর্ঘটনায় ৮ প্রাণহানি

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। 

পথিমধ্যে দক্ষিণ সুরমা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)। 

নিহত অন্য শ্রমিকদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।