মে ৪, ২০২৬, ১১:১০ এএম
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ভোরে যমুনা সেতুগামী একটি দ্রুতগতির ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার চেষ্টা করে।
এ সময় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও দুই জন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুই জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন