রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

আবু সালেহ মোঃ রায়হান

মে ৪, ২০২৬, ০৩:০৯ পিএম

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।সোমবার (৪ মে) নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।নিহত আরজিনা খাতুন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী এবং পার্শ্ববর্তী রণচণ্ডী গ্রামের কৃষক মো. জালাল উদ্দীনের ছোট মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আরজিনার সঙ্গে মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৩ মে রোববার সন্ধ্যা ৭টার সময় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করেন। এতে আরজিনা গুরুতর জখম হয়ে আশঙ্কাজনকভাবে অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রংপুর নেওয়ার পথে রাত ১১টার দিকে ঠাকুরগাঁও এলাকায় আরজিনার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।