মে ৫, ২০২৬, ০৫:১৪ পিএম
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন স্থানে রাজুর পেটে প্রথম একটি গুলি বিদ্ধ হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বিষয়টি জানাজানি হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে তিনি দ্রুত গাড়িটি চালিয়ে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। সেখানে হাইওয়ে পুলিশের সহায়তায় পরবর্তীতে নিরাপদে সীমানা পার হয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা আবারও হামলা চালায়। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, লবণচরা এলাকায় রাজু হাওলাদার নামে ওই যুবক প্রথম দফায় গুলিবিদ্ধ হন। তবে ঠিক কোথায় ও কখন তার ওপর প্রথম হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার গলির বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজু হাওলাদারের বিরুদ্ধে আগে থেকেই কয়েকটি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে রাজু হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন