রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ১০:১২ এএম

জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

গ্রেপ্তারকৃত কবিরাজ

বগুড়ায় জিন তাড়ানোর কথা বলে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম হাকিম রেজাউল করিম। তাঁর বয়স ৪০ বছর। 

নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়া খানা’ নামের একটি প্রতিষ্ঠানে তিনি ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা করতেন।ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ে রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসায় দাখিল শ্রেণিতে পড়াশোনা করে। 

বেশ কিছুদিন ধরে সে মাথাব্যথায় ভুগছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও উন্নতি হয়নি। পরে পরিচিত একজনের মাধ্যমে রোববার সকালে মেয়েকে নিয়ে অভিযুক্তের ওই দাওয়াখানায় যান তিনি।

অভিযোগে বলা হয়, কিশোরীর ওপর ‘জিনের আসর’ রয়েছে দাবি করে তাকে একটি কক্ষে নিয়ে যান অভিযুক্ত কবিরাজ। তিনি দরজা বন্ধ করে দিয়ে পরিবারের সবাইকে বাইরে যেতে বলেন। সেখানে চিকিৎসার কথা বলে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।একই দিন বিকেলে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পরিবারকে আবার যেতে বলেন অভিযুক্ত ব্যক্তি। পরিবারের সদস্যরা টাকা নিয়ে পুনরায় সেখানে গেলে কিশোরীকে আবারও কক্ষে নিয়ে একইভাবে ধর্ষণ করা হয়। 

পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেয় কিশোরীর পরিবার।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।