মে ৮, ২০২৬, ১২:২৮ পিএম
মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আনায় প্রাণনাশের হুমকি পেয়েছেন গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।ডা. সায়মা আক্তার জিডিতে উল্লেখ করেন, তিনি উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন।
গত ৩০ এপ্রিল এক রোগী তাঁর কাছে শারীরিক অসুবিধার কথা জানালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শিশুটি ও তার মায়ের কাছে জানতে চাইলে ভুক্তভোগী জানায় যে মাদ্রাসার হুজুর তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে।
পরবর্তী সময়ে ঘটনাটি জানাজানি হলে এবং বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসকের বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই হুমকি শুরু হয়। ডা. সায়মা জানান, বিভিন্ন ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁকে গালিগালাজ করাসহ হত্যা এবং গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।চিকিৎসকের পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে তাঁরা খুব বেশি কথা বলতে রাজি হননি।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসক দুপুরের দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ তাঁর নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছে। তবে মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি জানান।এদিকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের এই ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসসিনা ইসলাম অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের সাত দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। তিন দিনের রিমান্ড শেষে আগামী ১০ মে বিকেলে তাকে আবারও আদালতে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন