সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:৪১ পিএম
স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর পাশবিক নির্যাতন চালানোর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ সূত্রে জানা গেছে, শালমাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত অভিযুক্ত সোহেল। একপর্যায়ে গত ১০ সেপ্টেম্বর রাতে সহযোগীদের সঙ্গে নিয়ে সে শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এই পাশবিকতার কথা কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আসামিদের নির্যাতন ও চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ১২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে কীটনাশক পান করে ওই ছাত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল্লাহ। এই ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
মামলার পরপরই পুলিশি অভিযানে মূল অভিযুক্ত সোহেল এবং তার সহযোগী রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল। ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়েও আইনি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন