রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৮ ঘণ্টা পর ২ বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ১০:২৪ পিএম

১৮ ঘণ্টা পর ২ বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

সীমান্তে মরদেহ হস্তান্তর করছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন কসবা উপজেলার ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন। শনিবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেই সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ব্যাটালিয়ন সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিং ও বিশালঘর থানার একাধিক পুলিশ কর্মকর্তা।

বিজিবি জানিয়েছে, বিএসএফের গুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং একটি প্রটেস্ট নোট পাঠানো হয়েছে। মরদেহ হস্তান্তরের পর বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।