শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়লাবাহী ট্রাক, চালক নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:২২ পিএম

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়লাবাহী ট্রাক, চালক নিহত

দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক ও উৎসুক জনতা

যশোরের অভয়নগরে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল একটি ট্রাক। ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মনোয়ার প্রাণ হারান।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘ দিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি। এর আগেও ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল বলে স্থানীয়রা জানান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।