রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ১০:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে। 

সোমবার বিকেলে শেখ হাসিনা কলেজ সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। স্থানীয়দের দাবি, নিহত যুবকের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রিমন মিয়া গত কিছু দিন ধরে নরসিংদীতে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। নিহতের চাচাতো বোন জামাই মো. জয়নাল আবেদিন জানান, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটেছিল। এরপর থেকেই তিনি নিরাপত্তার কারণে নরসিংদীতে ছিলেন। সোমবার সকাল থেকে বোনের বাড়িতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মরদেহের ছবি দেখে পরিবার রিমনের পরিচয় নিশ্চিত হয়।হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে রিমনের পরিবার এখনো নিশ্চিত হতে পারেনি। তবে পুরনো কোনো বিরোধের জেরে তাকে তুলে এনে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, খবর পেয়ে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।