মে ১৪, ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আসন্ন কোরবানির পশুর হাটে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল এই চক্রটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্য দুলাল ও মামুনকে আটক করে পুলিশ।অভিযান চলাকালে ওই এলাকা থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং টাকা ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। ব্রিফিংয়ে শফিকুল ইসলাম বলেন, চক্রটি কোরবানির ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট ছাপিয়েছিল।
যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এর আগে তারা মার্কেটেও অনেক জাল নোট ছড়িয়ে দিয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা আরও জানান, কোরবানির হাটগুলোতে জাল নোট শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ মেশিন বসানো হবে। তবে বড় অংকের লেনদেনের ক্ষেত্রে সাধারণ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আগের চেয়ে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।এদিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পৃথক এক অভিযান চালিয়েছে।
ওই অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্র গড়ে তুলেছিল। তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। বর্তমানে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চক্রগুলোর সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন