রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের সংবাদ সম্মেলন

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৮, ২০২৬, ০৫:০০ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সব শিক্ষক ও কেয়ারটেকারকে রাজস্ব খাতে নেওয়ার দাবি উঠেছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে শহরের মিডিয়া হাউজে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটি এই আয়োজন করে। পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

বর্তমানে এই প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকাররা মাসে মাত্র ৬ হাজার টাকা ভাতা পাচ্ছেন।ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত এই প্রকল্পের কর্মীরা দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চাকরিগত অনিশ্চয়তায় ভুগছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সামান্য ভাতার টাকায় পরিবার চালানো তাদের কঠিন হয়ে পড়েছে। 

সন্তানদের পড়াশোনার খরচ তারা মেটাতে পারছেন না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. আবুল বাশার। সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার ও ফয়জুল হক সেখানে উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের মতো তারাও তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিকতা শেখান। শিক্ষকদের দাবি, দেশের শিক্ষা বিস্তারে অবদান রাখা এই বিশাল জনবলকে দ্রুত রাজস্ব খাতের আওতায় আনা অত্যন্ত জরুরি। দাবি বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। সরকার মানবিক দিক বিবেচনা করে এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দুঃখ লাঘব করবে বলে শিক্ষকরা আশা প্রকাশ করেন।