মে ২১, ২০২৬, ১২:০৬ এএম
ঢাকার পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের (৭) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে তাকে দাফন করা হয়। মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় দাদা-দাদির কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজায় গ্রামবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।নিহত রামিসা ওই গ্রামের হান্নান মোল্লার মেয়ে। দাফন শেষে এলাকাবাসী এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ঘটনার পর থেকে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে। হত্যাকারীদের কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয়, সে ব্যাপারে প্রশাসনের প্রতি তারা অনমনীয় অবস্থান তুলে ধরেন।
বিচার চেয়ে সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শহরে মশাল মিছিল করেছেন এলাকাবাসী।মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। শিশুটির এমন মৃত্যুতে স্বজনরা এখনো বাকরুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন করে অপরাধীর শাস্তি কার্যকর করার জন্য স্থানীয়রা জোরালো আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন