মে ২১, ২০২৬, ০৪:৫৬ পিএম
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অবস্থিত স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনকে গুলি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পুটিমারী বাজার সংলগ্ন ওই কার্যালয়ে এই হামলা চালানো হয়। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তারা বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ ও জাহিদ অফিসের ভেতরে অবস্থান করছিলেন।
এ সময় পারভেজ (৩৪) নামে স্থানীয় এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে সেখানে প্রবেশ করে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি হয়।লবণচরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারী পারভেজকে আটকের জন্য জোর অভিযান শুরু করেছে।
ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন, অভিযুক্ত পারভেজ একাধিক মামলার আসামি। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতাকেই হামলার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন