রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৫:০৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো প্রকট হয়ে উঠেছে যানজট। বৃহস্পতিবার ভোর থেকেই মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া কুমিল্লামুখী লেনেও গৌরীপুর থেকে শহিদনগর পর্যন্ত থেমে থেমে যানজট থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অতিরিক্ত ধীরগতি এবং সড়কে শৃঙ্খলাহীনতাকে এই যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ভুক্তভোগী যাত্রীরা।ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, সড়কে এলোপাতাড়ি গাড়ি পার্কিং, আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে অনিয়ন্ত্রিত যানবাহন ওঠানামা এবং উল্টো পথে সিএনজি ও অটোরিকশা চালানোর কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। 

মালবাহী ট্রাকের চালকরা জানিয়েছেন, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এদিকে, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি ঈদকে কেন্দ্র করে আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকেলের পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, টোল আদায়ের ধীরগতির পাশাপাশি মাঝেমধ্যে বিকল যানবাহনের কারণেও পরিস্থিতির জটিলতা বাড়ে। তবে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং বজায় রাখা হয়েছে এবং যানজট নিরসনে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।