মে ২৬, ২০২৬, ১২:০২ এএম
মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ বা মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে মেজবাহ উদ্দিন মুয়াজ। সাধারণত যেখানে পুরো কোরআন মুখস্থ করতে কয়েক বছর সময় লাগে, সেখানে মুয়াজ মাত্র ৮ মাসে এই অসাধ্য সাধন করেছে। পটুয়াখালীর মহিপুর থানার জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার এই শিক্ষার্থীর অর্জনে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।
সোমবার মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়।বরগুনার তালতলী এলাকার বাসিন্দা মুয়াজের বাবা মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ নুরুজ্জামান।
ছেলের এই সাফল্যে অত্যন্ত আবেগাপ্লুত তিনি। মাদরাসার হিফজ শাখার শিক্ষক মো. নেছার উদ্দিন জানান, মুয়াজ শুরু থেকেই অন্যদের চেয়ে আলাদা ছিল। তার তীক্ষ্ণ মেধা ও একনিষ্ঠ মনোযোগই এই দ্রুত সাফল্যের মূল চাবিকাঠি।
মুয়াজ ভবিষ্যতে একজন খাঁটি আলেম ও দাঈ হতে চায়।অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী বলেন, মেজবাহ উদ্দিন মুয়াজ মাদরাসার জন্য এক উজ্জ্বল রত্ন। ৮ মাসে হিফজ সম্পন্ন করে সে প্রমাণ করেছে, দৃঢ় সদিচ্ছা ও সঠিক গাইডলাইন থাকলে লক্ষ্য অর্জন অসম্ভব নয়।
এলাকার মৎস্য শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মুয়াজের এই অর্জনকে শিক্ষার মানোন্নয়নের বড় উদাহরণ হিসেবে দেখছেন।অনুষ্ঠান শেষে হাফেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন