রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাত্র ৯ মাসে কোরআন মুখস্থ করল ১১ বছরের ইয়াছিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:২৬ পিএম

মাত্র ৯ মাসে কোরআন মুখস্থ করল ১১ বছরের ইয়াছিন

অবিশ্বাস্য এক অর্জনে সবার দৃষ্টি কেড়েছে মাত্র ১১ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাত। এই বয়সেই সে মাত্র ৯ মাসে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। তার এই কৃতিত্বে শিক্ষক ও এলাকাবাসী মুগ্ধ।হাফেজ ইয়াছিন আরাফাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে। সে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নুরানি ও হাফেজিয়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

শনিবার (০১ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে খুদে এই হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গোলাম সরোয়ার ফরিদী। তিনি আনুষ্ঠানিকভাবে ইয়াছিনের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।

মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি জানান, ইয়াছিন মাত্র ৯ মাস আগে তাদের মাদ্রাসায় ভর্তি হয়। ভর্তির পর থেকেই সে শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে ছিল। শিক্ষকের নিবিড় পরিচর্যা এবং ইয়াছিনের নিরলস পরিশ্রম ও অসাধারণ মেধাশক্তির ফলে এত অল্প সময়েই সে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। মুফতি জামি বলেন, এটি নিঃসন্দেহে এক বিরল ও অনুপ্রেরণামূলক সাফল্য।

নিজের এই অর্জনে হাফেজ ইয়াছিন আরাফাত অত্যন্ত আনন্দিত। সে বলে, ‘আমি কোরআনে হাফেজ হতে পেরেছি এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় হয়ে একজন আলেম হয়ে ইসলাম ও দেশের সেবা করতে পারি।’

অনুষ্ঠানে মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আ. ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।