শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

৪ লাখ টাকার গরু হারিয়ে নিঃস্ব প্রবাসফেরত বুলবুল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:২৩ এএম

৪ লাখ টাকার গরু হারিয়ে নিঃস্ব প্রবাসফেরত বুলবুল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে বজ্রপাতে কোরবানির জন্য প্রস্তুত দুটি গরুর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে টিউরী পাঠান বাড়িতে এ ঘটনায় প্রবাসফেরত বুলবুল আহমেদ সোহেলের প্রায় চার লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। 

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বুলবুলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন মুহূর্তেই চুরমার হয়ে গেছে।নিহত গরু দুটির বাজারমূল্য প্রায় চার লাখ আট হাজার টাকা ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত এক বছর ধরে অত্যন্ত যত্নসহকারে বুলবুল চারটি গরু লালন-পালন করছিলেন। ঈদের বাজার সামনে রেখে এর মধ্যে একটি গরু দুই লাখ আট হাজার টাকায় বিক্রির জন্য চূড়ান্তও করা হয়েছিল। অপর গরুটির দামও প্রায় দুই লাখ টাকা ছিল। সোমবার সকালে গোয়াল ঘরে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখে পরিবারটি ভেঙে পড়ে।

আর্থিক সংকটে পড়েছেন প্রবাসফেরত এই ক্ষুদ্র উদ্যোক্তা।প্রবাসজীবন শেষে দেশে ফিরে বুলবুল চেয়েছিলেন গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে। প্রকৃতির এই নির্মম আঘাতে তার জীবনের শেষ সম্বলটুকু নষ্ট হওয়ায় তিনি এখন দিশেহারা। 

স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতের বিকট শব্দে রাতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। আকস্মিক এই বিপদে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।বুলবুলের স্বপ্ন ধূলিসাৎ হওয়ায় এলাকায় শোক ও দুঃখের ছায়া নেমেছে।