রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সিলেটে ঈদুল আজহার প্রধান জামায়াত শাহী ঈদগাহ ময়দানে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৪:৪০ পিএম

সিলেটে ঈদুল আজহার প্রধান জামায়াত শাহী ঈদগাহ ময়দানে

শাহী ঈদগাহ ময়দান

ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিলেটের পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রতি বছরের মতো এবারও লাখো মুসল্লি এখানে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ এই জামাতে ইমামতি করবেন এবং খতিব মাওলানা মোশতাক আহমদ খান বয়ান পেশ করবেন।

নামাজে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা।নগরীর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে একই স্থানে সকাল ৯টায় বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। 

এছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদে সকাল ৬টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সরকারি আলীয়া মাদরাসা মাঠে জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়।

আলীয়া মাদরাসা মাঠের জামাতে নারী ও শিশুদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা, ৮টা ও ৯টায়। এছাড়া হযরত শাহপরান (র.) মাজার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। 

নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লার মসজিদ এবং ঈদগাহগুলোতেও স্থানীয়ভাবে জামাতের আয়োজন করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালনের প্রত্যাশা স্থানীয়দের।