মে ৩১, ২০২৬, ০৩:৪৪ পিএম
নেত্রকোণায় বাস ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ঝাউসি এলাকার বাইপাস মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের এই আকস্মিক প্রাণহানিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইপাস সড়ক অতিক্রম করার সময় অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই একই পরিবারের চারজন আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের বাসিন্দা আয়নাল হক, তাঁর স্ত্রী নুরজাহান বেগম এবং তাঁদের দুই কন্যা সন্তান স্মৃতি ও ইতি।
এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক রেহানকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনাকবলিত এলাকার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাইপাস সড়ক নির্মাণ হলেও প্রধান সড়কের সংযোগস্থলে পর্যাপ্ত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা বা স্পিড ব্রেকার নেই। এছাড়া সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় প্রায়ই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন।ভয়াবহ এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল আবার স্বাভাবিক করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন