রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

গাজীপুর নগরের ভোগরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাইপাস এলাকায় যাত্রী তোলার জন্য একটি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। 

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুই বাসের মাঝে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার ভেতর থেকে পিষ্ট অবস্থায় লাশ দুটি উদ্ধার করেছে। আহত দুজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। 

তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন এবং পুলিশ জড়িত বাসটি জব্দ করেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে।