রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রাম দুটির মধ্যে উত্তেজনা চলছিল, যার জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

ঘটনাস্থলেই একজন প্রাণ হারান এবং আহত হন অনেকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নতুন কোনো সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সর্বক্ষণ নজরদারি বাড়িয়েছে। দোষীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।