জুন ৭, ২০২৬, ০৪:২৫ পিএম
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলো আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬)। তারা ওই ইউনিয়নের দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
আব্দুর রহিম শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে।সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে শিক্ষার্থী দুইজন ওই এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ডুবুরি দল বা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।আকস্মিক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। স্থানীয়রা সচেতনতামূলক প্রচারের ওপর জোর দিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন