শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ৭, ২০২৬, ০৭:৫৭ পিএম

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

ছবি-দিনাজপুর টিভি

লালমনিরহাটের মোগলহাট সীমান্তে ধরলা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে দুই আপন ভাই নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে মোগলহাট সীমান্তের বিওপি ক্যাম্প সংলগ্ন ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শাওন ১৬ বছর ও সাব্বির ১৪ বছর বয়সের কিশোর।

তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শাওন ও সাব্বিরসহ তিন কিশোর দুপুরে নদীতে গোসল করতে নামে। নদীতে প্রবল স্রোত থাকায় তারা হঠাৎ তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা মেহেদী নামের আরেক কিশোরকে স্থানীয় আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি উদ্ধার করতে পারলেও দুই ভাই স্রোতের তোড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও ব্যর্থ হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানান, নদীর তীব্র স্রোতের কারণে প্রাথমিক অভিযানে তাদের সন্ধান মেলেনি। রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন জানান, নদীতে নামার আগে তিনি কিশোরদের সাবধানে থাকতে বলেছিলেন। 

কিন্তু মুহূর্তের মধ্যেই তারা ডুবে যায়। সর্বশেষ সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় মোগলহাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।