রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১২:৫৭ পিএম

কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে তারা দাবি করেছেন। তাই তারা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করে কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার জানিয়েছেন, শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।