জুন ৮, ২০২৬, ০১:৪১ পিএম
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টাতেও মেলেনি। সোমবার দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
নিখোঁজ দুই কিশোর হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন ও সাব্বির। তারা স্থানীয় মোগলহাট বাজার এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে। শাওন অষ্টম ও সাব্বির নবম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু মেহেদী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই বিপদে পড়ে। বন্ধু মেহেদী সাঁতরে তীরে উঠতে পারলেও শাওন ও সাব্বির নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে। রোববার প্রথম দিনের তল্লাশিতে সন্ধান না পাওয়ায় রাতে অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, নদীতে তীব্র স্রোত থাকায় অভিযানে বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।নদীর তীরে এখন নিখোঁজদের স্বজনদের আহাজারি আর উৎকণ্ঠা বাড়ছে। তাদের উদ্ধারের আশায় নদীর পাড়ে ভিড় করছেন শত শত এলাকাবাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন