জুন ৯, ২০২৬, ০৯:১৮ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৬’। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ।আলোচনা সভায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ জানান, উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, নিরাপদ খাদ্য সরবরাহ এবং প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। প্রধান অতিথি কৃষিবিদ মো. আব্দুল মতিন কৃষকদের দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আধুনিক কৃষির মাধ্যমেই দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। কংগ্রেসের পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের কার্যক্রম ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে কৃষকদের জন্য বিভিন্ন স্টলের মাধ্যমে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আটোয়ারীর কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে এবং প্রান্তিক চাষিদের টেকসই সহায়তা প্রদানে এই কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন