রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত: ১১ পুলিশ বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৮:৩৮ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত: ১১ পুলিশ বরখাস্ত

কোতোয়ালি থানা প্রাঙ্গণ

রংপুরের কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার সুনির্দিষ্ট অভিযোগে ১১ জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পেশাগত দায়িত্ব পালনে অবহেলা ও অপেশাদার আচরণের জন্য তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

গত বৃহস্পতিবার (১১ জুন) আরপিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যদের এই বরখাস্তের আদেশটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, গত ৩ জুন রাতে কোতোয়ালি থানার ভেতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলামকে মারধর করে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ ওঠে। 

এই চাঞ্চল্যকর ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাতেই প্রথমে তিন পুলিশ সদস্য এবং পরদিন ওসিসসহ আরও দুজনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তীতে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কোতোয়ালি থানায় সংরক্ষিত সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন করে।

দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভুক্তভোগীদের সাথে সংঘটিত ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের কর্তব্য পালনে ইচ্ছাকৃত অবহেলা, চরম অদক্ষতা ও অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে তিনজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। 

বরখাস্ত হওয়া সমস্ত পুলিশ সদস্যকে বর্তমানে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ স্পষ্ট জানিয়েছেন যে, কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের ক্ষেত্রে ভবিষ্যতে সর্বদা ‍‍`জিরো টলারেন্স‍‍` নীতি অনুসরণ করা হবে।