জুন ২১, ২০২৬, ১১:৩১ এএম
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনকালে স্থানীয় এক মতবিনিময় সভায় বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করার কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ সদর প্তরে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।সরকারি ওই আদেশে বলা হয়েছে যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে অবিলম্বে দায়িত্বভার অর্পণ করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সেখানে কর্মরত ছিলেন।
সম্প্রতি খুলনা নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে একটি মতবিনিময় সভায় তাঁর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ইন্টারনেটে ভাইরাল হওয়া পঁচিশ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে সাধারণ মানুষের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর কথা বলতে শোনা যায়। তিনি সেখানে দারোগা বা পরিদর্শকদের ফাঁসি দেওয়া এবং গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার মতো উসকানিমূলক মন্তব্য করেছিলেন, যা নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন