রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২২, ২০২৬, ১১:৫৪ এএম

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

গাইবান্ধার সাঘাটায় স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং কর্মী সালাউদ্দিনকে মারাত্মক জখম করার ঘটনায় পুরো এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল বোনারপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ছাত্রশিবির কর্মী সালাউদ্দিনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় রোববার দিনগত রাত ১টার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার ভোরে তাঁকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর জরুরি ভিত্তিতে আরও ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন যে এখন পর্যন্ত সালাউদ্দিনের শারীরিক সংকট পুরোপুরি কাটেনি। তাঁর পিঠের ডান অংশে ধারালো অস্ত্রের গভীর কোপের কারণে মারাত্মক জখম হয়েছে এবং আঘাতটি ফুসফুসে পৌঁছেছে কি না তা সুনির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

আহত মোহাম্মদ সালাউদ্দিনের দ্রুত সুস্থতার জন্য তাঁর বাবা মাওলানা দুদু মিয়া সকলের নিকট বিশেষভাবে দোয়া চেয়েছেন। এদিকে শিবির কর্মী সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার রাতে সাঘাটায় উপজেলা ছাত্র শিবিরের ডাকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি স্থানীয় প্রধান শহর প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে গিয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন বলেন, দিনদুপুরে যুবদল নেতা মুকুল ও তার বাহিনীর হাতে এভাবে প্রকাশ্যে শিবির নেতা সাইফুল্লাহকে হত্যা ও সালাউদ্দিনকে জখম করার বর্বরোচিত ঘটনায় সাধারণ মানুষ হতবাক হয়ে গেছে। তিনি ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানান।