জুন ২৬, ২০২৬, ১০:৫৯ এএম
কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। গত বৃহস্পতিবার রাতে নগরীর কাটাবিল এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করার সময় তিনি এই অসন্তোষ জানান।সে সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, মাদক কারবারিদের দাপটের কারণে সাধারণ মানুষ বিপদে পড়বে আর প্রশাসন নীরব থাকবে, তা হতে পারে না। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য স্থানীয় পরিবারগুলোর কাছে জবাবদিহি করতে হবে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলা হবে বলেও তিনি জানান।
ইতোমধ্যে এই বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক এবং কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন সংসদ সদস্য। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার দৃশ্যমান ফলাফল এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখার তাগিদ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আহত শিক্ষার্থীর মা জানান, এলাকার দুটি পক্ষের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে টিফিনের সময় বাসায় ফেরার পথে হঠাৎ দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে তার ছেলের পিঠে গুলি লাগে। আহত ইথান আহমেদ প্রেমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এই ঘটনার পর অপরাধীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন