রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

রবিউল এহ্সান রিপন

জুন ২৯, ২০২৬, ০৭:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি সম্পর্কে আপন মামা-ভাগিনা বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ মাদকসহ এই দুজনকে গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মামা রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং ভাগিনা রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের সন্তান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রহিমানপুর লক্ষীপুর এলাকার পাকা সড়কে একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। 

এ সময় সুনির্দিষ্টভাবে রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে কর্র্তৃপক্ষ জানিয়েছে।সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মামা-ভাগিনা দীর্ঘ দিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। 

এই বর্বরোচিত মাদক পাচারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জেলাজুড়ে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।