জুলাই ৩, ২০২৬, ১১:৫১ এএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের আট দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) তথ্য-প্রযুক্তির সহায়তায় ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে নিহতের ছেলে মো. জনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জনি তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ২৫ জুন উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, পিবিআই ও সিআইডি। পরে পুলিশ সুপারের নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।
তদন্তে লোকেশন বিশ্লেষণ ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে জনির ওপর সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিস্তারিত স্বীকার করে।পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয়ে মায়ের প্রতি ছোটবেলা থেকেই ক্ষোভ পোষণ করতেন জনি।
তার অভিযোগ, মা একাধিক বিয়ে করায় তিনি শৈশবে বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে কষ্ট পেয়েছেন। এই ক্ষোভ থেকেই গত ১৭ জুন মাকে অটোরিকশাযোগে ওই কলাবাগানে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। অপরাধী যেই হোক, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন