জুলাই ৩, ২০২৬, ০৬:১৭ পিএম
আট মাসের নিরলস প্রচেষ্টায় নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার পবিত্র কুরআন মাজিদ লিখে অনন্য কীর্তি গড়েছেন মাদ্রাসা শিক্ষার্থী সুরাইয়া জান্নাত।কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর বয়স মাত্র ১৮ বছর। সুরাইয়ার হাতে লেখা কুরআনের প্রতিটি পৃষ্ঠা এতটাই নিখুঁত ও দৃষ্টিনন্দন যে, প্রথম দেখায় তা ছাপা নাকি হাতে লেখা—তা বোঝা কঠিন।
এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুরাইয়া চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি এই কাজে আত্মনিয়োগ করেন।
তিনি জানান, সাহাবায়ে কেরাম যেভাবে কুরআন সংরক্ষণ করেছেন, সেই অনুপ্রেরণা থেকেই তিনি স্বহস্তে লেখার উদ্যোগ নেন। ২০২৫ সালের ১ জানুয়ারি লেখা শুরু করে একই বছরের আগস্ট মাসের শেষ দিকে তিনি এই কাজ সম্পন্ন করেন। এই দীর্ঘ যাত্রায় তিনি প্রায় ৫৫টি কলম ব্যবহার করেছেন।সুরাইয়া জান্নাত জানান, ভবিষ্যতে তিনি হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ বুখারিও স্বহস্তে লেখার স্বপ্ন দেখেন। তার এই অর্জনে পরিবার ও শিক্ষকরা গর্বিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন