রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৬, ০৯:৫৭ পিএম

আটোয়ারীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘মেরে ফলের চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী উপজেলা ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন দেবি। 

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষি বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিপন দেবি বলেন, সুস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা মেটাতে দেশীয় ফলের ভূমিকা অপরিসীম। তিনি সরকারি নির্দেশনায় নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা সংরক্ষণের ওপর জোর দেন। তিনি আরও বলেন, এই মেলা সাধারণ মানুষকে দেশীয় ফল চাষে আরও বেশি উদ্বুদ্ধ করবে।

কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আটোয়ারীর মাটি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয় চাষিদের নিয়মিত উচ্চফলনশীল জাতের ফল চাষের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। মেলায় বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, লটকন, পেয়ারা ও ড্রাগন ফলসহ দেশি-বিদেশি ফলের সমাহার ঘটেছে। মেলাটি ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।