রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১০, ২০২৬, ০৫:০২ পিএম

নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত বকুল সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে।নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে মরদেহটি ভেসে ওঠে।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নেমে তীব্র স্রোতের কবলে পড়ে বকুল নিখোঁজ হন। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুরের একটি ডুবুরি দল অভিযানে যোগ দিলেও নদীতে তীব্র স্রোত ও দিনের আলোর স্বল্পতার কারণে প্রথম দিন উদ্ধার কাজ স্থগিত রাখতে হয়।

শুক্রবার সকাল থেকে স্থানীয় প্রায় অর্ধশত বাসিন্দার সহযোগিতায় পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে যুবকটি সাঁতরে তীরে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, নদীতে পানির গভীরতা ও স্রোত বেশি থাকায় মরদেহটি দেড় কিলোমিটার ভাটিতে ভেসে গিয়েছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শোকাতুর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।