জুলাই ১০, ২০২৬, ১০:৫৬ পিএম
ভারী ও অতি ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ৫ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলীয় নদীগুলোর পানি সমতল কিছুটা হ্রাস পেলেও সামগ্রিক পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।পূর্বাভাস অনুযায়ী, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই আশঙ্কায় রয়েছে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিচু এলাকা।
সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।অন্যদিকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি সমতল ক্রমাগত বাড়ছে। নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করবে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতলের ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ও নদীপারের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন