রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১১, ২০২৬, ০৩:৪০ পিএম

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধা ও কঠোর অবস্থানের মুখে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া সীমান্তের ভারতীয় অংশের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে নারী ও শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই পুশইন প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে পুনরায় ফিরিয়ে নিতে বাধ্য হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুশইন করার চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের তৎপরতায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শূন্যরেখায় কোনো ব্যক্তির চলাচল বা অবস্থান নেই বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি ও টহল তৎপরতা অব্যাহত রয়েছে।