জুলাই ১৪, ২০২৬, ১২:৪১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই বাসের সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকার রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। তার বয়স ২৮ বছর। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েছিলেন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত অন্তত ১০ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন জানান, ঘটনার পরপরই দুটি বাস জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন