রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
চিরকুটে মৃত্যুর দায়

পঞ্চগড়ে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৫, ২০২৬, ০২:৫৩ পিএম

পঞ্চগড়ে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে মানিক হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ওই দিঘীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পকেট থেকে মৃত্যুর কারণ উল্লেখ করে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কয়েকজনের নাম লিখে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।মানিক সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে দিঘীর পানিতে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সি.আই.ডি ও পি.বি.আই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মামা রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর মানিক আর ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। তবে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আশরাফুল ইসলাম জানান, নিহতের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।