সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন খোলা আকাশের নিচে পাঠদান

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৬, ০৯:৫৪ পিএম

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন খোলা আকাশের নিচে পাঠদান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার গনিবপাড়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের দেয়ালে বড় ফাটল, ছাদ থেকে পলেস্তারা খসে পড়া এবং রড বেরিয়ে আসার কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে শ্রেণিকক্ষ ত্যাগ করে খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, গত জুন মাস থেকে শ্রেণিকক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়া এবং রড বেরিয়ে আসার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রেণিকক্ষের বদলে বিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে পাঠদান নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বই-খাতা নিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নিতে ছুটতে হয়। অন্যদিকে, প্রখর রোদেও পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত একটি অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করে নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করা হোক।

বিদ্যালয় সংশ্লিষ্টদের তথ্যমতে, এই সমস্যা সমাধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ পর্যন্ত ৫২টি চিঠি পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষার মান ঠিক রাখতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাঠদান স্বাভাবিক রাখতে বিদ্যালয় মাঠের পাশে অস্থায়ী চারটি কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের বর্তমান ভবনটি ১৯৯৭ সালে নির্মাণ করা হয়েছিল। ২০২০ সাল থেকে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।