বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রংপুরে একই দিনে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৮:৩৪ পিএম

রংপুরে একই দিনে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক পাঁচটি দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জেলার এই দুই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই নারী, ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী, বিলে ডুবে এক স্কুলছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী রয়েছেন।একদিনে পাঁচটি প্রাণহানির ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পীরগাছা রেলওয়ে স্টেশনসংলগ্ন সুখানপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রাশেদা বেগম (৫৫) নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর নারীর পরিচয় এখনো জানা যায়নি। রাশেদা বেগম উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। একই দিনে পীরগাছা বাজারে ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এদিকে পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জুমার নামাজের পর ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী রোমান পরিবহনের বাসের নিচে চলে যায়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পৃথক এসব ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক শোক বিরাজ করছে।