জুলাই ১৭, ২০২৬, ১০:১৫ পিএম
নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে বাঁধের একটি অংশ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয়দের বাড়িঘর, পুকুরের মাছ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আকস্মিক এই প্লাবনে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশ আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল। শুক্রবার দুপুরের জোয়ারের তীব্র ঢেউয়ের আঘাতে বাঁধের অংশবিশেষ ধসে পড়ে এবং প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। দায়িত্বশীলদের অবহেলার কারণেই আজ আমাদের এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। বিশেষ করে রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বেড়ে গেলে ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ইকবাল জানান, চরঈশ্বর ইউনিয়নের এই অংশে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি আগেই চিহ্নিত করা হয়েছিল। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রয়োজনীয় সংস্কারের আগেই বাঁধটি ভেঙে যায়। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জামিল উদ্দিন পাটোয়ারী জানান, ভাঙনস্থল পরিদর্শন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বালুবাহী বার্জ পৌঁছাতে দেরি হলেও জিওটিউব প্রস্তুত রাখা হয়েছে। রাতের মধ্যেই ভাঙা বেড়িবাঁধে জরুরি মেরামতকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এলাকাবাসীর দাবি, স্থায়ী সমাধান এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে আরও বিপর্যয়ের আশঙ্কা থেকে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন