জুলাই ২০, ২০২৬, ১২:৫৪ পিএম
পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাজধানী ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। লিকেজযুক্ত পুরোনো গ্যাস বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার জন্যই এই দীর্ঘ সময় গ্যাস বন্ধ রাখার প্রয়োজন পড়ছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন