রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২৬, ১১:০৮ পিএম

আটোয়ারীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারীতে পরিচালিত অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকার খাল, বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে খাল, বিল ও জলাশয়ে পেতে রাখা ১১টি চায়না দুয়ারী জাল ও প্রায় চার হাজার ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস চত্বরে প্রকাশ্য জনসম্মুখে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (দা. পা.) মো. মোস্তাফিজুর রহমান বলেন, অসাধু জেলে ও সাধারণ মাছ শিকারিরা কারেন্ট ও চায়না দুয়ারীসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে। 

এতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, কারেন্ট ও চায়না দুয়ারী জালে ছোট-ছোট মাছ ছাড়াও বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ ও জলজপ্রাণী আটকে পড়ে। যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালগুলো ব্যবহার নিষিদ্ধ হওয়ায় জব্দ করা হয়। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো প্রকাশ্য আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৎস্য কর্মকর্তা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব।