জুলাই ২৪, ২০২৬, ১২:৩৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার পাশাপাশি তরুণ প্রজন্মকে অন্তত একটি করে বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি অডিটোরিয়াম চত্বরে এই মেলা শুরু হয়েছে।পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের মূল লক্ষ্যের অংশ হিসেবে দেশব্যাপী এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নদী ও গাছের গভীর সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, নদীর তীর রক্ষা ও ভাঙন রোধে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
এর আগে মেলার শুভ সূচনা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা ও অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন