বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বজনসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, সমাজসেবা এবং দেশগঠনে তার অবদানের নানা দিক স্মরণ করেন। 

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলকে কেন্দ্র করে পুরো স্টেডিয়াম চত্বরে এক আবেগঘন ও গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুমের ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ছোট ছেলে নওফল জমির, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এই নেতার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।