জুলাই ২৬, ২০২৬, ০৩:৪২ পিএম
সরকারি প্রতিষ্ঠানে বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ ও চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে `পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি`-র ব্যানারে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারীরা।
কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা মাসে পুরো ৩০ দিন কাজ করা সত্ত্বেও মাত্র ২২ দিনের মজুরি পান। একই সঙ্গে সাধারণ ছুটি কিংবা নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির কোনো আর্থিক সুযোগ-সুবিধা তাদের দেওয়া হয় না।
এ সময় `দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫` অবিলম্বে বাতিল এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তর বন্ধের জোর দাবি জানান আন্দোলনকারীরা।কর্মচারী প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্ব স্ব প্রতিষ্ঠানের চাকরির বয়স শিথিল করে অবিলম্বে স্থায়ীকরণ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশে পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহ্বায়ক তৌফিক এবং সদস্য সচিব উসমানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন